ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

তরুণদের মেধা ও দক্ষতায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৮, ২ নভেম্বর ২০২৬
তরুণদের মেধা ও দক্ষতায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে যুবসমাজকে মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন আলোচনা সভার বক্তারা। তাঁদের মতে, তরুণদের মেধা, সাহসিকতা, কারিগরি দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়েই একটি উন্নত জাতি গড়ে তোলা সম্ভব।

জাতীয় যুবদিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরের সি আর দত্ত রোডে প্লানার্স টাওয়ারে দৈনিক গণকণ্ঠের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘উন্নত দেশ গঠনে যুবসমাজের ভূমিকা ও আমাদের করণীয়’ শীর্ষক এ অনুষ্ঠানে দুই প্রতিভাবান সাংবাদিককে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গুরুরবাড়ি দরবার শরীফের পীর সাহেব ও সি কনসোর্টিয়ামের চেয়ারম্যান শাহ সূফী খাজা লায়ন ড. হারুন-অর-রশীদ। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাকর্মকর্তা ও ‘দি ব্লু ফ্যালকন’-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ টি এম আনিসুজ্জামান (বীর প্রতীক)।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক, সংগঠক ও রাজনৈতিক বিশ্লেষক আহমেদ তেপান্তর। বিশেষ অতিথি ছিলেন রেড সান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক এস এম রিয়াজুর রহমান তামিম। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন দৈনিক গণকণ্ঠের যুগ্ম সম্পাদক মু. শেফায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ টি এম আনিসুজ্জামান বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনে যুবসমাজই মূল চালিকাশক্তি। তরুণদের মেধা ও সাহসিকতা ছাড়া কোনো জাতির বড় পরিবর্তন সম্ভব নয়। উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের কারিগরি দক্ষতা, নীতি-নৈতিকতা ও দেশপ্রেমে বলীয়ান হতে হবে।

তিনি আরও বলেন, সত্য অনুসন্ধান ও জনস্বার্থে তরুণ সাংবাদিকদের সাহসী এবং নিরপেক্ষ ভূমিকা সমাজকে দুর্নীতিমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যুবসমাজের সঠিক বিকাশ ও অগ্রযাত্রা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে হবে।

‘উন্নত দেশ গঠনে যুবসমাজের ভূমিকা ও আমাদের করণীয়’ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডেইলি বাংলাদেশের সাব-এডিটর মো. আশিকুর রহমান।

তিনি বলেন, দেশের মেরুদণ্ড হলো যুবসমাজ। উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের চাবিকাঠি তরুণদের হাতেই। বর্তমান যুগে শুধু পুঁথিগত বিদ্যার ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তরুণদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও পেশাগত সততায় নিজেদের সমৃদ্ধ করতে হবে।

সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সত্য প্রকাশ, সঠিক তথ্য পরিবেশন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে সঠিক পথ দেখায়। একইভাবে প্রতিটি ক্ষেত্রে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণদের অদম্য শক্তি ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা গেলে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা কঠিন হবে না।

যুব সংগঠক হিসেবে বক্তব্য দেন ওল্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব খিলগাঁওয়ের (ওসাক) প্রতিষ্ঠাতা অ্যাডমিন ইকবাল হোসেন রানা। আলোচকরা বলেন, সাংবাদিকতা থেকে শুরু করে সামাজিক ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে যুবকদের সততা, মেধা ও সাহসী ভূমিকা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

দৈনিক গণকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নিজাম উদ্দীন জিটুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্‌যাপন কমিটির সদস্য সচিব ও পত্রিকাটির বিশেষ প্রতিনিধি সুমন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. নাসির উদ্দীন। পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন উদ্‌যাপন কমিটির সদস্য হাবিবুল্লাহ খান, চিফ রিপোর্টার গোলাম রহমান দুর্জয়, মফস্বল সম্পাদক বাবুল রিদয়, জ্যেষ্ঠ প্রতিবেদক আয়েশা আক্তার জেসিকা, ক্রাইম রিপোর্টার এইচ এম শুভ, তুষার, রানা ও সৈকত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও গণকণ্ঠের চিফ রিপোর্টার গোলাম রহমান দুর্জয়। শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজনের প্রধান সমন্বয়ক বাবুল রিদয়।

আলোচনা সভা শেষে সাংবাদিকতায় বিশেষ অবদান, জনস্বার্থ রক্ষা ও অনুসন্ধানী প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ দুই সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। জনস্বার্থে বিশেষ প্রতিবেদনের জন্য আরটিভির রনী মজুমদার 

এবং অনুসন্ধানীমূলক প্রতিবেদনের জন্য চ্যানেল ২৪-এর আমান উল্লাহ নবী এ সম্মাননা পান।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ টি এম আনিসুজ্জামান, প্রধান আলোচক আহমেদ তেপান্তর এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নিজাম উদ্দীন জিটু তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা পাওয়ার পর আমান উল্লাহ নবী ও রনী মজুমদার দৈনিক গণকণ্ঠ পরিবার এবং আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের করতালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!