শ্রমিকদের কাজে ফেরার আহ্বান, জানুয়ারি থেকে বাড়তি মজুরি
চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেছেন, আগামী জানুয়ারি থেকেই শ্রমিকেরা যাতে বর্ধিত মজুরি হাতে পান, সে লক্ষ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে মজুরি বোর্ড। এ ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব করা হবে না।
সোমবার রাজধানীর শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বাবুল আখতার বলেন, শ্রমিকদের জন্য গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণে বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, পরিবারের মৌলিক চাহিদা এবং শিল্পের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না। দেশের বিভিন্ন শ্রমিক ফেডারেশন, কারখানাভিত্তিক ট্রেড ইউনিয়ন এবং সাধারণ শ্রমিকদের মতামত নিয়ে সম্মিলিত অবস্থান তৈরি করা হবে।
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদন ও কর্মপরিবেশ স্বাভাবিক রাখাও জরুরি বলে মন্তব্য করেন বাবুল আখতার। এ জন্য শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
সম্প্রতি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার সরকার ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
বোর্ডের অন্য সদস্যরা হলেন মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন ও আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ও আনোয়ার হোসাইন এবং নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ।
এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিক ও শ্রমিক নেতাদের আটক, গ্রেপ্তার এবং হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বাবুল আখতার। তিনি বলেন, মজুরি আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে অনেক শ্রমিক ও শ্রমিক নেতাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার কারণে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা ও আইনি ব্যবস্থা প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পোশাকশিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, মালিক ও শ্রমিক—এই তিন পক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন স্বাভাবিক রাখতেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।