ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৩, ২ নভেম্বর ২০২৬
পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার
ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানীতে পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে মিরপুর মডেল ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য জানান। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ডিএমপির পল্লবী থানায় তিনটি এবং মিরপুর মডেল ও কাফরুল থানায় একটি করে মামলা হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, সোমবারও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলার বাদী পুলিশ।

ওসি জানান, তিনটি মামলার প্রতিটিতে অজ্ঞাতনামা হিসেবে দুই থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মিরপুর মডেল থানার একটি মামলায় তিন হাজার এবং পল্লবী থানার তিন মামলায় মোট সাত থেকে সাড়ে সাত হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!