আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার পর জামগড়া, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা শারমিন গ্রুপের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। পরে হা-মীম গ্রুপসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরাও সেখানে যোগ দেন।
একপর্যায়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকায় প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন তাঁরা। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, সকাল থেকে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
এদিকে সংঘর্ষের কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।