ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

৬ ঘণ্টার জন্য টোল মুক্ত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৬, ৩ নভেম্বর ২০২৬
৬ ঘণ্টার জন্য টোল মুক্ত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
সংগৃহীত ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনের জন্য ছয় ঘণ্টা টোল মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলে কোনো টোল দিতে হবে না।

মঙ্গলবার (৩ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত রাখা হবে। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের কোনো টোল পরিশোধ করতে হবে না। 

এর আগে, গত বছর ২৫ ডিসেম্বর চার ঘণ্টা টোল–ফ্রি রাখা হয়। ওই দিন প্রায় দেড় যুগ পর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করেছিল বিএনপি। এর আগে, জুলাই গণ–অভ্যুত্থানে টোল প্লাজা ক্ষতিগ্রস্ত হলে কিছুদিন টোল ছাড়াই যানবাহন চলাচল করে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!