ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে দোকানের শাটার ভেঙে দুই লাখ টাকার মালামাল চুরি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ৩ নভেম্বর ২০২৬
নালিতাবাড়ীতে দোকানের শাটার ভেঙে দুই লাখ টাকার মালামাল চুরি
নালিতাবাড়ীর বারোমারী বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ছবি: ডেইলি বাংলাদেশ।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী বাজারে উসমান স্টোর নামে একটি মনোহারী দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের শাটার খুলে নগদ টাকা ও বিভিন্ন পণ্যসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।

সোমবার (২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বাজারে তিনজন পাহারাদার থাকার পরও চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দোকানের স্বত্বাধিকারী মো. উসমান আলী জানান, সোমবার রাত ১২টা পর্যন্ত দোকান পরিচালনার পর তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। মঙ্গলবার সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে দেখেন, দুটি শাটার খোলা। পরে ভেতরে গিয়ে ক্যাশ ভাঙা অবস্থায় দেখতে পান।

তিনি বলেন, চোরেরা ক্যাশ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা, বিভিন্ন ধরনের সিগারেট, তেল, সাবান, প্রসাধনী ও অন্যান্য মনোহারী পণ্য নিয়ে গেছে। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় দুই লাখ টাকা।

এ ঘটনায় নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দোকানমালিক।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!