শেরপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে পাঁচ চালককে জরিমানা
শেরপুর সদর উপজেলার গৌরীপুর এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহার ও শব্দদূষণের দায়ে পাঁচটি যানবাহনের চালককে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের পরিচালনায় এ অভিযান চালানো হয়। এ সময় যানবাহনগুলো থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(১) লঙ্ঘনের দায়ে পাঁচটি যানবাহনের চালককে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার। আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
শব্দদূষণ নিয়ন্ত্রণে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।