‘নির্বাচিত হলে বেকার তরুণ-যুবকদের কর্মসংস্থান করবো’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা দিন দিন জমে উঠছে। গণসংযোগের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা, উন্নয়নের রূপরেখা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় ভেদুরিয়া গণসংযোগও ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন গণসংযোগ, শোডাউন ও লিফলেট বিতরণ শুরু করেছেন।
সোমবার বিকালে ভোলার ভেদুরিয়া ইউনিয়নের বারো তারিখ বাজার থেকে বের হয়ে গণসংযোগ টি শেরে বাংলা মার্কেটে গিয়ে শেষ হয়। এ সময় তিনি বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ, স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন।
গণসংযোগকালে জাকির হোসেন বলেন ভেদুরিয়া ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।
এ সময় তার সঙ্গে ভেদুরিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ফজলুল হক গোরামী, প্রচার সম্পাদক রাসেল আকনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণসংযোগ শেষে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। স্থানীয় জনগণও তাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে দাবি করেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে জাকির হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এসব ত্যাগ, শ্রম ও রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে বিএনপি তাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেবে বলে তিনি শতভাগ আশাবাদী। দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষের উৎসাহে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
নির্বাচিত হলে ভেদুরিয়া ইউনিয়নকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে জাকির হোসেন বলেন, ভবিষ্যতে এ ইউনিয়নে শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এতে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে এলাকায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, সে জন্য তাঁদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তিনি। স্থানীয় মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ভেদুরিয়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই তার লক্ষ্য।