ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীর গলা টিপে হত্যার অভিযোগ, প্রবাসফেরত স্বামী গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ৩ নভেম্বর ২০২৬
স্ত্রীর গলা টিপে হত্যার অভিযোগ, প্রবাসফেরত স্বামী গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার সাঁথিয়ায় পারিবারিক কলহের জেরে রোমেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুর রহিমের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম ওই গ্রামের রইজ মোল্লার ছেলে। নিহত রোমেনা একই ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মরহম আলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে সৌদি আরবে যান আব্দুর রহিম। সেখানে ছয় বছর থাকার পর মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। প্রায় দুই মাস আগে ছুটিতে দেশে আসেন। সম্প্রতি রোমেনার বাবার বাড়িতে টাকা পাঠানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। সোমবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুর রহিম স্ত্রীকে গলা টিপে ধরেন। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার দাবি, প্রবাসে থাকাকালে উপার্জিত অর্থের বেশির ভাগ স্ত্রী তার বাবার বাড়িতে পাঠাতেন। সোমবার তাকে না জানিয়ে জমানো ১৩ হাজার টাকা পাঠানোর বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তিনি স্ত্রীর গলা চেপে ধরেন। এতে তার মৃত্যু হবে, তা তিনি বুঝতে পারেননি বলে দাবি করেন।

নিহতের বাবা মরহম আলী জানান, মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি জামাতার বাড়িতে যান। সেখানে মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানানো হয়। দাফনের প্রস্তুতির সময় গোসল করাতে গিয়ে মেয়ের শরীরে আঘাত ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। এতে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনার তদন্ত করে।

তিনি আরও বলেন, রোমেনার দুটি ছেলেসন্তান রয়েছে। মেয়েকে হত্যার বিচার দাবি করেন তিনি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি হত্যার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের। পরে তাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!