ডেমোক্র্যাটরা জিতলেও চূড়ান্ত ক্ষমতা আমার হাতে : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের আনা বিল আটকে দিতে ভেটো ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে পরিচিত করতেও আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি জানান, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ বা সিনেটের নিয়ন্ত্রণ পেলে তাদের আনা যেকোনো বিল প্রয়োজনে ভেটো দেবেন।
নির্বাচনী জরিপে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা দেখা গেলেও নিজের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প। তিনি বলেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্ত ফেডারেল সরকারের ওপর প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বাড়িয়েছে।
এ সময় ‘ট্রাম্প বনাম স্লটার’ মামলায় সুপ্রিম কোর্টের ৬-৩ ব্যবধানের রায়ের প্রসঙ্গ টানেন তিনি। ট্রাম্পের দাবি, এ রায়ের ফলে বিভিন্ন ফেডারেল সংস্থা, বোর্ড ও কমিশনের ওপর প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ দুই ব্যক্তি জানিয়েছেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেও নির্বাহী আদেশের মাধ্যমে বিভিন্ন নীতি বাস্তবায়নের বিষয়ে হোয়াইট হাউসে আলোচনা হয়েছে। এসব আলোচনায় ট্রাম্পের উপপ্রধান কর্মকর্তা স্টিফেন মিলার এবং ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়ের পরিচালক রাসেল ভাউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অভিবাসন ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে নির্বাহী পদক্ষেপ নেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।
সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক কর্মসূচির বাইরেও হোয়াইট হাউস ও ওয়াশিংটন ডিসির বিভিন্ন সংস্কারকাজ নিয়ে কথা বলেন ট্রাম্প। হোয়াইট হাউসের ভাঙা জানালা ও দেয়াল মেরামতের কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনার জবাব দেন তিনি।
২০২৭ সালের পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প জানান, হোয়াইট হাউসের নতুন বলরুম ও সামরিক কমপ্লেক্সের কাজ শেষ করা এবং প্রস্তাবিত ২৫০ ফুট উচ্চতার তোরণ নির্মাণ শুরু করা তার লক্ষ্য। এ ছাড়া ওয়াশিংটন ডিসির ৯৭টি স্থানে গুরুতর গ্রাফিতি পরিষ্কারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ট্রাম্প বলেন, এ নিয়ে তিনি এখনো উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছেন না। বিষয়টিতে আইনি ও সাংবিধানিক জটিলতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে রিপাবলিকান পার্টিতে সম্ভাব্য কয়েকজন যোগ্য প্রার্থী রয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।