গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আবারও শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সকালে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা।
জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানা এলাকায় ২ থেকে ৪ হাজার শ্রমিক সড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে টিয়ারশেল ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকেও শ্রমিকেরা অবস্থান নিয়েছিলেন। সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার বলেন, সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কাশিমপুর এলাকায় কিছুটা উত্তেজনা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।