ইরানের পরমাণু কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার (২০ মিলিয়ন ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তথ্যদাতার নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে অন্যত্র বসবাসের ব্যবস্থাও করা হবে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার দেওয়া হবে।
শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের পরমাণু কর্মসূচি-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে।
এসব তথ্যের মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা, সরঞ্জাম এবং কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে তথ্য। বিশেষ করে দেশটির পরমাণুবিজ্ঞানী ও বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়েছে ওয়াশিংটন।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যে আইএইএর পর্যবেক্ষণসংক্রান্ত তথ্যের ঘাটতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। দপ্তরটির দাবি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা ও পর্যবেক্ষণসংক্রান্ত বাধ্যবাধকতা পালনে ইরানের ব্যর্থতার কারণে দেশটির পরমাণু কর্মসূচি সম্পর্কে সংস্থাটির তথ্যের ধারাবাহিকতা ব্যাহত হয়েছে।
বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামের উৎপাদন ও মজুত সম্পর্কে আইএইএর কাছে আগের মতো নির্ভরযোগ্য তথ্য নেই বলে দাবি করেছে ওয়াশিংটন।
তবে কী ধরনের তথ্যের জন্য কত পরিমাণ পুরস্কার দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো মানদণ্ড প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে আগ্রহী তেহরান। এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তথ্যের বিনিময়ে পুরস্কার ঘোষণাকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: দ্য ডন।