রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫৫ জন আটক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের বিরুদ্ধে ৫০টি মামলা করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিএমপি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগে ৬০ জন, ওয়ারীতে ৬২ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁওয়ে ৮২ জন, মিরপুরে ১৩৮ জন, গুলশানে ৫২ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।
অভিযানকালে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, দুটি সোনার চেইন, একটি প্রাইভেট কার, একটি মিশুক গাড়ি, আটটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
আকতার হোসেন বলেন, শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।