ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]
এনটিআরসিএর পরীক্ষায় বড় পরিবর্তন, ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা

১৯তম নিবন্ধন নয়, এবার হচ্ছে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:১৪, ৬ নভেম্বর ২০২৬
১৯তম নিবন্ধন নয়, এবার হচ্ছে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। এতদিন নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হলেও এবার পরীক্ষা শেষে সরাসরি নিয়োগের ব্যবস্থা রাখা হচ্ছে। এ কারণে প্রচলিত ধারাবাহিকতায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয়ে এটি নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে অনুষ্ঠিত হবে।

নতুন এ শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা করছে এনটিআরসিএ। শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ উদ্যোগ নেওয়া হতে পারে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করতে পারে কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২৩ সালের ৪ নভেম্বর। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। দীর্ঘ বিরতির পর এবার নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!