কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
কিশোরগঞ্জে কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্র মোহাম্মদ আফতাব উদ্দিন জয়কে মারধরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
শুক্রবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার ধুলদিয়া-সহশ্রাম ছাইমুন্নেছা ফাজিল মাদরাসা মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, গত ৪ নভেম্বর রাতে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বর্তমানে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান মাদক সেবনের সন্দেহে গচিহাটা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আফতাব উদ্দিন জয়কে মারধর করেন।
পরে বাড়িতে ফিরে আফতাব উদ্দিন জয় তাঁর চাচা মো. তাজুল শাহকে বিষয়টি জানান। এর প্রতিবাদ জানাতে তাজুল শাহ গচিহাটা বাজারের একটি ফ্লেক্সিলোডের দোকানে যান। সেখানে শাহরিয়ার জামানের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তাজুল শাহের ছুরিকাঘাতে শাহরিয়ার জামান আহত হন।
বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার রাতেই মেজর (অব.) আখতারুজ্জামান নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ তোলেন। অথচ এ ঘটনার সঙ্গে ইউনিয়ন বিএনপির কোনো নেতাকর্মী জড়িত ছিলেন না কিংবা তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। এরপরও তাঁর ইশারায় বিএনপির নেতাকর্মীদের আসামি করে কটিয়াদী মডেল থানায় ১০ জনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে দাবি করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থী আফতাব উদ্দিন জয় বলেন, ঘটনার দিন সন্ধ্যায় কলেজের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন দেখতে গেলে শাহরিয়ার জামান তাঁকে মারধর করেন। এতে তাঁর চোখ ও মাথায় গুরুতর আঘাত লাগে। বর্তমানে তাঁর চোখের দৃষ্টিশক্তিও কমে গেছে।
বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরপরাধ বিএনপি নেতাকর্মীদের হয়রানি না করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আশরাফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, যুবদলের সভাপতি আহসান উদ্দিন দয়াল, সিনিয়র সহসভাপতি এসএম মোজ্জামেল হক ইমন, সাবেক ইউপি সদস্য আলী হোসেন শাহ, কটিয়াদী উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আজাদ রহমান মিশর, ভুক্তভোগী পরিবারের সদস্য মোছা. আফিমা বেগমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।