ব্রাহ্মণবাড়িয়ায় সার্ভিস পিস্তলের গুলিতে এসআই নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের আলী আকবর তালুকদারের ছেলে। তিনি সশস্ত্র উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন জাহাঙ্গীর। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পারিবারিক কোনো বিরোধ ছিল কি না, তা জানা যাবে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।