নজরুল বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ শিক্ষার্থীকে পুরস্কার
ব্রাহ্মণবাড়িয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বই পড়া কর্মসূচিতে উপজেলা পর্যায়ে নির্বাচিত ৬০ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
সভাপতির বক্তব্যে মাহমুদা জাহান বলেন, কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। জাতীয় কবির সাম্য, বিদ্রোহ, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, নজরুলের লেখনীতে ধর্ম-বর্ণনির্বিশেষে অসাম্প্রদায়িক মনোভাব এবং নারী-পুরুষের সমঅধিকারের বার্তা উঠে এসেছে। তার সাহিত্যকর্ম যত বেশি চর্চা করা হবে, সমাজ তত বেশি সমৃদ্ধ হবে।
বই পড়ার গুরুত্ব তুলে ধরে ইউএনও বলেন, বই পড়ার কোনো নেতিবাচক দিক নেই। বর্তমানে শিশুরা মোবাইল ফোনে বেশি সময় কাটানোয় বই পড়ার অভ্যাস ও ধৈর্য কমে যাচ্ছে। মুখস্থ করে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব হলেও প্রকৃত জ্ঞান অর্জনের জন্য সৃজনশীলতার চর্চা জরুরি। আর বই পড়া সেই সৃজনশীলতা ও জ্ঞান অর্জনের পথ তৈরি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোহাম্মদ মর্তুজা বর্ষণ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গির আলম, একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার, সমাজসেবা কর্মকর্তা নূরুল মাহমুদ ভূইয়া ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শাফিয়া বেগম।
অনুষ্ঠানে নৃত্য, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নির্বাচিত ৪৫ জন এবং বই পড়া কর্মসূচিতে নির্বাচিত ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ সময় শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।