মাটিরাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে অংশ নিল তিন শতাধিক শিক্ষার্থী
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের দক্ষতা বিকাশের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর পৌরসভা পর্যায়ের বাছাই কার্যক্রম। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত এ বাছাইয়ে অংশ নেয় তিন শতাধিক শিক্ষার্থী।
বুধবার (৪ নভেম্বর) দিনব্যাপী মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বাছাইয়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকসের দৌড় ও লং জাম্প, ব্যাডমিন্টনের একক ও দ্বৈত, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসসহ ১০টি খেলায় শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক এবং মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম।
মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ কার্যক্রমে পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষকরা বাছাই পরিচালনা করেন।
একই দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নেও ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা বিকাশের পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি হবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার এ কার্যক্রম ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন তারা।