খাগড়াছড়ি-রাঙামাটিতে চলছে আধাবেলা অবরোধ, বন্ধ দূরপাল্লার বাস
সাজেকে সড়ক অবরোধ চলাকালে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের বেনারে ডাকা খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকে খাগড়াছড়িতে প্রশাসনের কঠোর নজরদারির কারণে সড়ক অনেকটা উত্তাপহীন থাকলেও চোরাগুপ্তা পিকেটিং করেছে অবরোধকারীরা।
অবরোধ চলাকালে অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালানোর চেষ্টা করে। খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকা ও রেড স্কয়ারে টায়ারে আগুন দেয় পিকেটাররা। এছাড়া খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্যাছড়ি, পানছড়ি সড়ক ও সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিকেটাররা দ্রুত অবস্থান ত্যাগ করে।
পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রশাসনের সক্রিয়তার কারণে মাঠে তেমন সক্রিয় হতে পারেনি অবরোধকারীরা। তবে সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির ৯ উপজেলায় অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল ছিল তুলনামূলক কম। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। শহরের বিভিন্ন স্থানে টহল টিম কাজ করছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ‘অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। শহরের চেঙ্গী স্কয়ার, স্বনির্ভর, জিরো মাইল, আলুটিলাসহ বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি রয়েছে। এছাড়া পুলিশের দুটি মোবাইল টিম মাঠে কাজ করছে।’