সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: প্রতিমন্ত্রী
সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সম্প্রতি দেশটিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ওই দুই ব্যক্তি বন্দিদের তালিকায় ছিলেন কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহমেদ আশিকের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের কাছে হস্তান্তরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, বিভিন্ন অভিযোগে সৌদি আরবের কারাগারগুলোতে আনুমানিক সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি ওই তালিকায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার বিস্তারিত তথ্য পায়নি। এ বিষয়ে রায়ের অনুলিপি দিতে সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। অনুলিপি পাওয়া গেলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।
প্রবাসীদের সমস্যা সমাধানে একাধিক মন্ত্রণালয় কাজ করে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্ত থাকে।
কোনো বাংলাদেশি সৌদি আরবে দণ্ডিত হওয়ার তথ্য পাওয়া গেলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সাজা কমানো কিংবা ক্ষমার সুযোগ রয়েছে কি না, তা নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় বলেও জানান তিনি।
অন্য দেশের বিচারব্যবস্থার প্রতি সম্মান রেখেই বাংলাদেশ সরকার নাগরিকদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, কোনো দেশের বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপ না করেও কূটনৈতিকভাবে নাগরিকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব।
সম্প্রতি সৌদি আরবে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইং থেকে গত ১৮ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো একটি গোপন নথির তথ্য অনুযায়ী, বিভিন্ন অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে তাঁরা সৌদি আরবে আটক ছিলেন।
নথিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে বা পরে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস কিংবা কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গত ১৪ অক্টোবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্যের বরাতে দেশটির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মক্কার একটি মসজিদে ‘অশালীন কাজের’ অভিযোগে মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সূত্র: ইউএনবি