ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

৭ নভেম্বর স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৪, ৭ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে দেশের প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পায় জাতি—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে পুরো জাতি নতুন করে পথের দিশা পেয়েছিল।

শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মাত্র দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আইন করে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়। এরপর নিজেদের মধ্যে পাল্টাপাল্টি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি হয়।

তিনি বলেন, দেশকে এক অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল। চারদিকে নেমে এসেছিল অন্ধকার। তখন জনগণের আকাঙ্ক্ষা ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পাওয়া। জিয়াউর রহমান সেই প্রত্যাশা পূরণ করেছিলেন বলে দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, ২৩ নভেম্বর জিয়াউর রহমান ও তার পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়। এতে স্বাধীনভাবে বিকশিত হওয়ার একটি স্বাধীন জাতির আশা-আকাঙ্ক্ষা হতাশায় নিমজ্জিত হয়। চারদিকে তৈরি হয় শঙ্কা ও অরাজকতা। ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি পাওয়ার মধ্য দিয়ে জাতি আবার নতুন করে পথের দিশা পায়।

রিজভীর দাবি, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, উৎপাদন ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তাঁর নেতৃত্বেই দেশের মানুষ বহুদলীয় গণতন্ত্রের স্বাদ পায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!