‘সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে? জামায়াত আমির
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রশ্ন তোলেন।
স্ট্যাটাসে জামায়াত আমির লেখেন, রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেখার মতো দেশে কেউ নেই কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, হলের আসন পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রীদের হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জের ঘটনাও উদ্বেগজনক।
তিনি প্রশ্ন করেন, ‘সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে?’
শিক্ষার্থীদের দাবি পূরণের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে।
ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।