জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উন্মুক্ত কনসার্ট আজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত সংগীতানুষ্ঠান ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কনসার্টে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড টানা সাত ঘণ্টা সংগীত পরিবেশন করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না। দুপুর ৩টায় দর্শকদের জন্য ভেন্যুর প্রবেশপথ খুলে দেওয়া হবে। বিকেল ৪টা থেকে শুরু হবে মূল সংগীত পরিবেশনা।
একই মঞ্চে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। বিশেষ করে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ ও আর্টসেলের পরিবেশনা উপভোগ করতে অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
কনসার্টে অংশ নেবে জেমস, মাইলস, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক।
এদিকে কনসার্টে অংশ নেওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নগরবাউল জেমস। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে… জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’
অন্যদিকে, ভক্তদের কনসার্টে আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ব্যান্ডটি জানিয়েছে, একটি শহর, একটি মঞ্চ ও সাতটি জনপ্রিয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ঐক্য ও সংহতির চেতনা তুলে ধরা হবে।