ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার প্রয়োজন হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা শিগগিরই জানা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আরও এগিয়ে যেতে চাই এবং বিষয়টি এমনভাবে নিশ্চিত করতে চাই, যাতে ভবিষ্যতে আর কখনো এমন পরিস্থিতি তৈরি না হয়?’
তিনি আরও বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। কিন্তু হয়তো আমাকে তা করতে হতে পারে। শিগগিরই আপনারা জানতে পারবেন।’
ট্রাম্পের দাবি, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের প্রায় ২৫ বছর সময় লাগবে।
এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রস্তাব পাঠিয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো।
সূত্র: আনাদোলু এজেন্সি।