ফিফা সভাপতি নির্বাচন: জাপানের তাশিমা ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী
অনেক জল্পনা-কল্পনার পর ফিফার সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সভাপতি কোজো তাশিমা। আগামী মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।
এ নিয়ে ইনফান্তিনোর বিপক্ষে আগাম প্রার্থিতা ঘোষণা করা দ্বিতীয় ব্যক্তি হলেন তাশিমা। এর আগে সাবেক টটেনহাম ডিফেন্ডার রামন ভেগা নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে নির্বাচনে অংশ নিতে ফিফার অন্তত পাঁচটি সদস্য দেশের মনোনয়ন প্রয়োজন। ভেগা সেই সমর্থন পাবেন কি না, তা এখনো অনিশ্চিত। অন্যদিকে, তাশিমার প্রয়োজনীয় সমর্থন পেতে কোনো সমস্যা হবে না বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার সমর্থন নিয়েই তাশিমা প্রার্থিতার ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। ইনফান্তিনোর নেতৃত্বের বিরোধিতায় উয়েফা দীর্ঘদিন ধরেই সক্রিয়।
জাপানের সংবাদমাধ্যম স্পোর্টস নিপ্পনকে তাশিমা বলেন, জাপানি ফুটবল যে সততা, সুস্থতা ও নৈতিকতার মূল্যবোধ ধারণ করে, তা বিশ্বের সামনে তুলে ধরাই তার মূল কাজ।