ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: এমপি হাফিজ ইব্রাহিম

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ৭ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: এমপি হাফিজ ইব্রাহিম
দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এমপি হাফিজ ইব্রাহিম। ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখতে পারলেই বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

তিনি বলেন, ভবিষ্যতে কেউ যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে জন্য জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলার দৌলতখান উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি হাফিজ ইব্রাহিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর তাকে সপরিবারে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দি করে রাখা হয়। এতে দেশজুড়ে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তী সময়ে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তিনি মুক্ত হন। জাতি নতুন করে আশার আলো দেখতে পায়।

তিনি আরও বলেন, দৌলতখানে যারা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ওই সময়ে নির্যাতনের কারণে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেননি। ভোলায় জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমকে হত্যার অভিযোগ তুলে তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দৌলতখান উপজেলা বিএনপির কার্যলয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  এতে নেতৃত্ব দেন এমপি হাফিজ ইব্রাহিম।  

এ সময় দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্না মিয়া, সহ-সভাপতি নিজাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টি ও ইকবাল কাজী, যুবদল নেতা মশিউর রহমান লিটন, আবু হেনা রিয়াজ, জহিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি সাগরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!