ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৯, ৭ নভেম্বর ২০২৬
নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। এসব ঐতিহাসিক অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মকে স্পষ্ট ধারণা দিতে হবে। এজন্য ইতিহাসচর্চা ও পাঠ্যবইয়ে যথাযথ আলোচনা নিশ্চিত করা প্রয়োজন।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের ইতিহাস কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়। এটি দেশের, জাতির এবং জাতীয় পরিচয়ের ইতিহাস। আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন বাংলাদেশির প্রথম পরিচয় বাংলাদেশ। তাই নিজের দেশ, দেশের জন্ম, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

নতুন প্রজন্ম যেন দেশের ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে, সে লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের ভালোবাসা ও নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ তৈরি করতে হবে। অতিরিক্ত সুরক্ষার নামে শিশুদের স্বাভাবিক খেলাধুলা, বাইরের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া এবং স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ সীমিত করা উচিত নয়।

তিনি বলেন, শিশুদের সুস্থ বিকাশে খেলাধুলা, প্রকৃতির সংস্পর্শ এবং সামাজিক পরিবেশের সঙ্গে মেলামেশা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সন্তানদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নিজস্ব চিন্তাশক্তির বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!