ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন সতর্কতা মার্কিন দূতাবাসের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:০৫, ৭ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন সতর্কতা মার্কিন দূতাবাসের
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসার শর্ত লঙ্ঘনের বিষয়ে আরও কঠোর সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দেশটিতে ভ্রমণকারী কোনো বিদেশি নাগরিক চিকিৎসার খরচ মেটাতে সরকারি আর্থিক সহায়তা বা অনুদান নিলে তা ভিসার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। এমনকি এ ধরনের নিয়ম লঙ্ঘনের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।

শনিবার (৭ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় দূতাবাস জানায়, ভিসার যথাযথ ব্যবহার এবং এর সব শর্ত মেনে চলার দায়িত্ব সম্পূর্ণ ভ্রমণকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করার আগে ভিসাসংক্রান্ত নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের অবশ্যই পাসপোর্টে উল্লেখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) বা অনুমোদিত অবস্থানের শেষ তারিখের মধ্যে দেশটি ত্যাগ করতে হবে। নিজের অবস্থানের নির্ধারিত সময়সীমা যাচাই করতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শও দেওয়া হয়।

এ ছাড়া গত ২৮ অক্টোবর প্রকাশিত আরেক বিজ্ঞপ্তিতে বি১/বি২ ভিজিটর ভিসার ব্যবহারের সীমাবদ্ধতা তুলে ধরে দূতাবাস। এতে বলা হয়, এ ধরনের ভিসায় ব্যবসায়িক বৈঠক, সভা এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চাকরি বা অন্য কোনো ধরনের কাজ করতে হলে উপযুক্ত ভিন্ন ক্যাটাগরির ভিসা নিতে হবে।

যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে এসব নিয়ম ও ভিসার শর্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!