ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেঘনায় ধরা পড়ল ১৭ কেজির কাতল, দাম উঠল ১৭ হাজার ৫০০ টাকা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ৭ নভেম্বর ২০২৬
মেঘনায় ধরা পড়ল ১৭ কেজির কাতল, দাম উঠল ১৭ হাজার ৫০০ টাকা
ভোলায় জেলের জালে ধরা কাতাল। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি ভোলার ইলিশা মাছঘাটে ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকৃতির মাছটি দেখতে ঘাটে ভিড় করেন উৎসুক মানুষ।

জানা গেছে, শুক্রবার রাতে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় হানিফ মাঝির জালে ধরা পড়ে কাতল মাছটি। পরে সকালে মাছটি ইলিশা মাছঘাটে নিয়ে আসা হলে সেখানে উপস্থিত আড়তদার ও স্থানীয় ক্রেতারা দর হাঁকতে থাকেন। শেষ পর্যন্ত ১৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি হয়।  জামাল কোম্পানি ১৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন কাতল মাছটি । মাছটি ঢাকার মোকামে বিক্রির জন্য পাঠানো হবে।

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি বলেন, মেঘনা নদী আমাদের মৎস্যসম্পদের এক বিশাল ভান্ডার। প্রজনন মৌসুমে মাছকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ এবং ছোট মাছকে বড় হওয়ার সময় দিতে পারলে নদীতে এমন বড় মাছের প্রাচুর্য আরও বাড়বে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং মাছের প্রজনন ও বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকায় জেলেরা এখন এর সুফল পেতে শুরু করেছেন। এরই মধ্যে জেলেদের জালে বড় আকারের পাঙ্গাস, ইলিশসহ কাতল মাছ ধরা পড়ছে। ভবিষ্যতেও জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলবেন বলে আশা করছি। এতে নদীতে মাছের উৎপাদন বাড়বে এবং জেলেরা আরও বেশি মাছ আহরণ করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: নদী ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!