সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে অ্যাম্বুলেন্স, আহত ৭
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডারে ধাক্কা লেগে পাশের খাদে উল্টে পড়েছে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স। এতে চালকসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তার উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালককে হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।
শনিবার সকালে উপজেলার কালিকাপুর এলাকায় আরআর স্পিনিং মিলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী অ্যাম্বুলেন্সটি কালিকাপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনায় অ্যাম্বুলেন্সে চালকসহ মোট ১২ জন যাত্রীর মধ্যে ৭ জন আহত হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার ও চালককে আটক করা হয়।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।