ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপানে টাইফুনের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৫০, ২২ সেপ্টেম্বর ২০২৬
জাপানে টাইফুনের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট
ছবি: সংগৃহীত

শক্তিশালী টাইফুন দুজুয়ানের প্রভাবে জাপানের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টি, ঝোড়ো বাতাস ও ভূমিধস দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে টাইফুনের প্রভাবে দুজনের মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ রয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ চারজনই কানাগাওয়া প্রদেশের বাসিন্দা। তাদের সন্ধানে উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে। ভূমিধসে ইয়োকোসুকা শহরে ষাটের কোঠার এক নারী এবং চিবা প্রদেশের সোদেগাউরা শহরে আরেক ব্যক্তি নিহত হয়েছেন।

Advertisement

জাপানের আবহাওয়া সংস্থা টাইফুনটির কারণে মানুষের জীবনের জন্য ‘তাৎক্ষণিক বড় হুমকি’ তৈরি হতে পারে বলে সতর্ক করেছিল। পরে কয়েকটি এলাকার সতর্কতার মাত্রা কমানো হলেও বাসিন্দাদের সতর্ক থাকতে এবং আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

টাইফুনের প্রভাবে ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। পাশাপাশি শত শত ফ্লাইট বাতিল হয়েছে এবং বিভিন্ন এলাকায় রেল চলাচলও বন্ধ রয়েছে।

দুজুয়ানের সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি উঠেছে ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত। জাপানের পূর্বাঞ্চলে অতিবৃষ্টি থেকে বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়।

প্রবল ঝড়ের কারণে বিভিন্ন অনুষ্ঠানেও প্রভাব পড়েছে। রক ইন জাপান সংগীত উৎসব এবং টোকিও গেম শোর কয়েকটি আয়োজন বাতিল করা হয়েছে।

দুজুয়ান চলতি বছরে জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন। বর্তমানে এটি জাপানের পূর্ব উপকূল পেরিয়ে উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ ও নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!