ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

ত্রিশালে ট্যানারির বর্জ্যে ভেজাল পশুখাদ্য তৈরি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ৮ নভেম্বর ২০২৬
ত্রিশালে ট্যানারির বর্জ্যে ভেজাল পশুখাদ্য তৈরি
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালে ক্ষতিকর ট্যানারির বর্জ্য ব্যবহার করে ভেজাল পশুখাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বৈলর ইউনিয়নের বড়পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ময়মনসিংহ জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ক্ষতিকর ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় মেসার্স সুজন ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. রিনা আক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে একই আইনে মেসার্স লতিফ ট্রেডার্সের মালিক মানিক মিয়াকে ৫ হাজার টাকা এবং বঙ্গ ট্রেডিং করপোরেশনের মালিক রুবেল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পশুখাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!