ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টাউন হলে ঢুকতে বাধা, ছুরিকাঘাতে পৌর কর্মচারী খুন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:৫৫, ৮ নভেম্বর ২০২৬
টাউন হলে ঢুকতে বাধা, ছুরিকাঘাতে পৌর কর্মচারী খুন
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তনে প্রবেশে বাধা দেওয়ায় মোহাম্মদ মনসুর আলী (৬০) নামে এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক যুবক। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রী মল্লিকা বেগম (৫৫)। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন।

শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হলে এ ঘটনা ঘটে।

নিহত মনসুর আলী পৌর টাউন হলের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) ছিলেন। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাস টার্মিনাল ছয়ানিপাড়া এলাকার বাসিন্দা। আটক যুবকের নাম মো. শাহনেওয়াজ ওরফে সানি (৩২)। তিনি একই ওয়ার্ডের সরদারপাড়া এলাকার মোহাম্মদ জুলহাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে সানি মিলনায়তনের ভেতরে প্রবেশ করতে চাইলে মনসুর আলী তাকে বাধা দেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সানি সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে মনসুর আলীর বুকে আঘাত করেন। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে মল্লিকা বেগমও আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মল্লিকা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন সানিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরে নেওয়াজ বলেন, দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!