২০২৯ সালের নির্বাচনেই মোদী সরকারের পতন: অভিজিৎ দীপকে
ভারতের ২০২৯ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের পরাজয় হবে বলে মন্তব্য করেছেন কক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার পরিবর্তনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) ভারতের কেরালার কোচিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন অভিজিৎ দীপকে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র মোদির ক্ষমতায় থাকার বিষয়ে করা দাবির প্রসঙ্গ টেনে দীপকে বলেন, ‘২০২৯ সালের জন্য প্রস্তুত থাকুন। তিনি নিশ্চিতভাবেই ক্ষমতা থেকে বিদায় নেবেন।’
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব। এ জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা নিশ্চিত করা জরুরি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেন তিনি। দীপকের ভাষায়, ‘জ্ঞানেশ কুমারকে যেতে হবে। তিনি গেলে নরেন্দ্র মোদিও চলে যাবেন।’
অভিজিৎ দীপকে অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনারকে রক্ষা করতে সরকার দেশের তরুণদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জ্ঞানেশ কুমার এত গুরুত্বপূর্ণ কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা নিয়ে প্রবেশের ঘটনায় সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার সঙ্গে নিজের গ্রেপ্তারের প্রসঙ্গও তুলে ধরেন দীপকে। তিনি বলেন, গ্রেপ্তার কিংবা কারাবাসের ভয় দেখিয়ে জাতীয় পতাকা বহন থেকে তাঁকে বিরত রাখা যাবে না।
সরকারের বিরুদ্ধে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ও ভোটাধিকার নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগও করেন তিনি। তাঁর দাবি, মানুষের খাদ্যাভ্যাস, বিয়ে ও ভালোবাসার স্বাধীনতার পর এখন ভোট দেওয়ার অধিকার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভারতের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে বক্তব্য দিতে গিয়ে মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর ও জওহরলাল নেহরুর আদর্শের কথা উল্লেখ করেন সিজেপির প্রতিষ্ঠাতা। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে সরকারের সমালোচনা করার সুযোগ বেশি ছিল।
সমাবেশে বিভিন্ন বয়সী মানুষ এবং যুব ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে মেরিন ড্রাইভ থেকে রাজেন্দ্র ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন অভিনেতা প্রকাশ রাজ।
সূত্র: পিটিআই