কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত, আহত ৫
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সী শিশুসহ দুজন নিহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার হারবাং স্টেশন ও উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে হারবাং স্টেশনে। চকরিয়া থেকে টমটমে করে উত্তর হারবাং যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমটির সংঘর্ষ হয়। এতে টমটমচালকসহ পাঁচজন গুরুতর আহত হন। সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ছয় মাস বয়সী শিশু আরহামকে মৃত ঘোষণা করেন।
নিহত আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় তার মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), খালা উর্মী আক্তার, তিন বছর বয়সী বোন আরিশা জান্নাত এবং টমটমচালক জাফর আলম গুরুতর আহত হন। জাফর আলম হারবাংয়ের মহাজনপাড়া এলাকার বাসিন্দা। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৃথক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।
নিহতের ছেলে আবদুল আজিজ জানান, তার বাবা সৌদি আরবপ্রবাসী। তিন মাস আগে দেশে ফিরেছেন। প্রতিদিনের মতো রোববার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। চকরিয়ায় এক বন্ধুর বাড়িতে যাওয়ার পথে উত্তর হারবাং এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহতের ভাগিনা সাংবাদিক ইলিয়াস আরমান জানান, দুপুরে মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে বন্ধুর বাড়িতে যাওয়ার সময় উত্তর হারবাং পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে একটি দ্রুতগতির যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনাটি সরাসরি কেউ দেখতে না পাওয়ায় ঘাতক যানটি শনাক্ত করা যায়নি। গুরুতর আহত অবস্থায় মাহবুবুর রহমানকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হারবাং স্টেশনে সেনাবাহিনীর ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমের সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে ছয় মাস বয়সী শিশুটি মারা যায়। আহত অন্যদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, একই সময়ে উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।