ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ৮ নভেম্বর ২০২৬
ভৈরবে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
আওয়ামী লীগ নেতা সুজন: ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেন সুজনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের চানভান্ডার রোড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজন পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌর শহরের জগন্নাথপুর গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে কার্যালয়টির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কার্যালয়টি যে জায়গায় অবস্থিত, সেটির মালিক কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

৫ আগস্টের পর এ ঘটনায় ভৈরব থানায় মামলা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সুজন। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলার আসামি আওয়ামী লীগ নেতা সুজনকে শনিবার রাতে চানভান্ডার রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!