ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

জাবিতে বাংলা-নাট্যতত্ত্ব বিভাগের ম্যাচে পক্ষপাতমূলক রেফারিংয়ের অভিযোগ, ম্যাচ বাতিলের দাবি

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বাংলা-নাট্যতত্ত্ব বিভাগের ম্যাচে পক্ষপাতমূলক রেফারিংয়ের অভিযোগ, ম্যাচ বাতিলের দাবি
শহীদ মিনার,জাবি

জাবি প্রতিনিধি :

 

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ বনাম নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ম্যাচে পক্ষপাতমূলক রেফারিং ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ম্যাচের ফলাফল বাতিলের দাবি জানিয়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়রা।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতির কাছে দেওয়া এক অভিযোগপত্রে তারা এসব দাবি জানান।

 

অভিযোগপত্রে বলা হয়, টুর্নামেন্টের সুনির্দিষ্ট নীতিমালা থাকা সত্ত্বেও বাংলা বিভাগকে নিয়মবহির্ভূত ও অযৌক্তিক অভিযোগের প্রেক্ষিতে ম্যাচে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এতে প্রতিযোগিতার সততা ও নিরপেক্ষতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগ করা হয়।

 

ম্যাচ চলাকালে রেফারির বিরুদ্ধে ‘চরম পক্ষপাতমূলক আচরণের’ অভিযোগ এনে এতে বলা হয়, তিনি প্রচলিত ফুটবল আইনের বাইরে গিয়ে বারবার অপ্রয়োজনীয়ভাবে খেলা স্থগিত করেন। একইসঙ্গে খেলা পরিচালনায় স্বাধীন সিদ্ধান্ত না নিয়ে কমিটির নির্দেশে ম্যাচ প্রভাবিত করার অভিযোগও করা হয়।

 

অভিযোগপত্রে আরও বলা হয়, রেফারির ‘অপেশাদার ও অন্যায্য ভূমিকার’ কারণে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং খেলোয়াড়দের স্বাভাবিক ক্রীড়াসুলভ পরিবেশ নষ্ট হয়।

 

এতে খেলোয়াড়দের বিভ্রান্ত করার জন্য ‘যৌন কটুক্তিমূলক আচরণ ও বিভিন্ন সময়ে অশালীন উস্কানিমূলক আচরণের’ অভিযোগে প্রয়োজনীয় শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

 

অভিযোগপত্রে বিতর্কিত ম্যাচের ফলাফল স্থগিত ও বাতিল, নির্দিষ্ট পক্ষকে নিয়মের বাইরে সুযোগ দেওয়া এবং রেফারির পক্ষপাতমূলক আচরণের কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দায়িত্বজ্ঞানহীন রেফারি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

 

দাবিগুলো দ্রুত বিবেচনা করা না হলে টুর্নামেন্ট বর্জনসহ পরবর্তী প্রশাসনিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচি নেওয়া হবে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

 

অভিযোগপত্রের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের পরিচালক এবং সংশ্লিষ্ট বিভাগীয় ক্রীড়া কমিটির সভাপতির কাছে পাঠানো হয়েছে।

 

আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!