ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

ঢাবির তিন ঘটনা তদন্তে কমিটি গঠন, ৭ দিনের মধ্যে প্রতিবেদন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:২৪, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন ঘটনা তদন্তে কমিটি গঠন, ৭ দিনের মধ্যে প্রতিবেদন
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক তিনটি ঘটনা তদন্ত ও এ বিষয়ে সুপারিশ দিতে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসু কর্তৃক ‘ডিইউ এভালুয়েশন’ নামে ওয়েবসাইট চালু, ‘নির্ভীক জুলাই’ নামে দুটি স্থানে স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্তে এসব কমিটি গঠন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২(৩) ধারা অনুযায়ী কমিটিগুলো গঠন করা হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

‘ডিইউ এভালুয়েশন’ ওয়েবসাইট চালুর বিষয়ে কমিটি 
ডাকসু কর্তৃক ‘ডিইউ এভালুয়েশন’ নামে ওয়েবসাইট চালুর বিষয়টি তদন্তে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয়ে কমিটি
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)। সদস্য হিসেবে আছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন ও প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

ডাকসু সংগ্রহশালায় আলোচিত ছবি টানানোর বিষয়ে কমিটি
ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্তেও পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)। সদস্য হিসেবে আছেন আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!