রেলওয়ের ৪ পদে অপেক্ষমাণ তালিকার চূড়ান্ত ফল প্রকাশ
বাংলাদেশ রেলওয়ের চারটি পদে অপেক্ষমাণ তালিকার প্রথম ধাপ থেকে ৫৭ জন প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস পদে এসব প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের উন্নয়ন-ট্রাফিক বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে মেধাক্রম অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে এসব প্রার্থী নির্বাচন করা হয়েছে।
.png)
নির্বাচিত ৫৭ জনের মধ্যে ট্রেন এক্সামিনার পদে ৯ জন, ট্রেন কন্ট্রোলার পদে ১১ জন, ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে চাার জন এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৩৩ জন আছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের নিয়োগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ও নথি যাচাই করা হবে। যাচাই-বাছাই শেষে বিধি অনুযায়ী চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, ভুল বা মিথ্যা তথ্য দিলে, জাল সনদ দাখিল করলে কিংবা আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।
এমনকি নিয়োগের পরও এসব তথ্যের কোনো অসত্যতা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ বাতিল বা চাকরি থেকে বরখাস্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: বাসস