ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বেলিংহ্যাম যে অভ্যাস বদলে রিয়াল মাদ্রিদে সাফল্য পাচ্ছেন
রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম মাঠের বাইরের অভ্যাসে বেশ কিছু পরিবর্তন এনেছেন। সাম্প্রতিক সময়ে রাতে বাইরে ঘোরাঘুরি কমিয়ে দিয়েছেন তিনি। আর এর প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সেও। চলতি মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে দারুণ উজ্জ্বল এই ইংলিশ তারকা এবং কোচ জোসে মরিনিওর কৌশলের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘রেডিও মার্কা’র ‘ওত্রা রোন্দা’ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন স্প্যানিশ সম্প্রচারক চিতো। রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন এবং মাঠের পারফরম্যান্সে এর প্রভাব নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
গত দুই মৌসুমে মাঠের বাইরের কিছু আচরণের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন বেলিংহ্যাম। ওই দুই মৌসুমে দলের ফলাফল খারাপ হওয়া এবং প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় রিয়াল মাদ্রিদ তারকাদের ব্যক্তিগত জীবনের ওপর নজরদারি আরও তীব্র হয়। সমর্থক ও সংবাদমাধ্যমের সমালোচনার তীর কেবল কোচিং স্টাফদের দিকে না থেকে সরাসরি খেলোয়াড়দের দিকেই ধেয়ে আসে।
‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী চিতো ব্যাখ্যা করেন, দলের এই ছন্দপতনের পেছনে বেলিংহ্যামসহ খেলোয়াড়দেরই এখন বড় দায় নিতে হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, রিয়াল মাদ্রিদ বোর্ডও দলবদলের বাজারে বেশ সক্রিয় ছিল এবং বেশ কয়েকজন নতুন খেলোয়াড় দলে ভিড়িয়েছে, যা ফলাফল খারাপের কারণ নিয়ে চলা বিতর্কের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করেছে।
অনুষ্ঠানের আলোচকেরা ফুটবলারদের ব্যক্তিগত জীবনের তথ্য কীভাবে ছড়ায় এবং তাদের আশপাশের মানুষেরা কীভাবে তা প্রভাবিত করেন, সে বিষয়টিও তুলে ধরেন। তাদের মতে, ক্লাবের ভেতরের কিছু মানুষ, তা কোচের ঘনিষ্ঠ কেউ হোক কিংবা মূল একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকা কোনো সতীর্থ, অনেক সময় এসব তথ্য রং চড়িয়ে উপস্থাপন করেন।
তারা মনে করেন, মাঠের বাইরের আচরণের আলোচনা সব সময় ড্রেসিংরুমের সম্পর্কের বাইরে থাকে না। কোনো খেলোয়াড়ের আচরণে অসন্তুষ্ট কোচের ঘনিষ্ঠ মহল কিংবা একই পজিশনের প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের বলয় থেকে সংবাদমাধ্যমে কী তথ্য পৌঁছাবে, তা প্রভাবিত হতে পারে।
তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল বেলিংহামের রাতে বাইরে যাওয়া। আলোচকদের যুক্তি, একজন ফুটবলারকে তার ব্যক্তিগত জীবন দিয়ে নয়, বরং ম্যাচে তিনি কী দিচ্ছেন তা দিয়েই বিচার করা উচিত, যতক্ষণ না মাঠের বাইরের আচরণ তার খেলার মান বা দলের প্রতি নিবেদনে কোনো ক্ষতি করে। বেলিংহ্যাম যদি প্রতি রাতে বাইরে গিয়েও মাঠে ফিরে এমন উঁচু মানের পারফরম্যান্স দেখাতে পারেন, তবে তাতে কোনো সমস্যা নেই বলেই মত তাদের। পেশাদার খেলোয়াড়দের মূল্যায়নে মাঠের পারফরম্যান্সই মুখ্য হওয়া উচিত।
এ প্রসঙ্গে ব্রাজিলের সাবেক তারকা রোমারিওর উদাহরণও টানা হয়। মূল কথাটি ছিল স্পষ্ট যে খেলোয়াড়েরা যতক্ষণ মাঠে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করছেন এবং দলের প্রয়োজনে পার্থক্য গড়ে দিচ্ছেন, ততক্ষণ তাদের ব্যক্তিগত অভ্যাস নিয়ে প্রশ্ন তোলা অনুচিত।
চিতো নিশ্চিত করেছেন যে বেলিংহ্যাম ইতোমধ্যে রাতে বাইরে যাওয়া কমিয়ে দিয়েছেন। তবে তিনি এ-ও যোগ করেন, এর অর্থ এই নয় যে তাঁর ফুটবলীয় মান ও রিয়াল মাদ্রিদে অবদানের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক বেশি গুরুত্ব পাবে।
পরপর দুই মৌসুম প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর রিয়াল মাদ্রিদ তারকারা এখন প্রবল চাপের মুখে রয়েছেন। ফলে সংবাদমাধ্যম ও সমর্থকেরা খেলোয়াড়দের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি তীক্ষ্ণভাবে অনুসরণ করছেন।