ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

আর্জেন্টাইন ফুটবল কর্মকর্তারা ঢাকায় গড়তে চান একাডেমি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৩১, ২২ নভেম্বর ২০২৬
আর্জেন্টাইন ফুটবল কর্মকর্তারা ঢাকায় গড়তে চান একাডেমি
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বাংলাদেশে ফুটবল একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে চায়। এশিয়ায় নিজেদের ফুটবল প্রশিক্ষণপদ্ধতি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে এসেছে সংস্থাটির তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

একাডেমি প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের পাশাপাশি স্থানীয় বিনিয়োগকারী, ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন তারা।

আজ জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা। দলে ছিলেন এএফএ ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। এর আগে ভারতে এএফএর একটি একাডেমি চালুর কাজ করেছেন তারা।

বাংলাদেশে একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা থাকলেও এখনো কোনো চুক্তি হয়নি। বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছেন তারা। একাডেমি কোথায় হবে, কবে কার্যক্রম শুরু হবে কিংবা কী পরিমাণ বিনিয়োগ প্রয়োজন—এসব বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি।

মারিও মার্টিন তুলা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো এখানে একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি চালু করা। এই প্রস্তাব নিয়েই আমরা এসেছি এবং সে কারণেই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি।’

বাংলাদেশে আসার পেছনে এএফএর আরেকটি উদ্দেশ্য রয়েছে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানাতে চেয়েছে সংস্থাটি। তুলা জানান, এশিয়া সফরের অংশ হিসেবে ভারত যাওয়ার পর দলের সদস্যদের সঙ্গে আলোচনা করেই বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তারা। তিনি বলেন, ‘আমরা জানি, এই দেশে আমাদের জাতীয় দলের সাত কোটির বেশি ভক্ত আছে। তাদের ধন্যবাদ জানাতেই আমরা এসেছি। পাশাপাশি ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিলে কিছু কাজ করতে চাই।’

তবে বাংলাদেশের ফুটবলের অবস্থা সম্পর্কে বিস্তারিত না জেনে একাডেমি নিয়ে চূড়ান্ত পরিকল্পনায় যেতে চায় না প্রতিনিধিদল।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!