ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
নতুন ঠিকানায় আমির খান: মাসে ভাড়া ৩৮ লাখ রুপি
বলিউড অভিনেতা আমির খান মুম্বাইয়ের খার-সান্তাক্রুজ এলাকায় চার বছর মেয়াদে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন । এসব ফ্ল্যাটের সম্মিলিত মাসিক ভাড়া ৩৮ লাখ রুপি। সম্পত্তি নিবন্ধন সংক্রান্ত নথির বরাত দিয়ে রিয়েল এস্টেট তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্স এ তথ্য জানিয়েছে।
চুক্তিপত্র অনুযায়ী, ফ্ল্যাট তিনটির আয়তন যথাক্রমে ৬ হাজার ২০০ বর্গফুট, ৩ হাজার বর্গফুট এবং ৩ হাজার বর্গফুট। সব মিলিয়ে ফ্ল্যাটগুলোর মোট কার্পেট এরিয়া ১২ হাজার ২০০ বর্গফুট।
নথিপত্র থেকে জানা যায়, সবচেয়ে বড় ফ্ল্যাটটির মাসিক ভাড়া ধরা হয়েছে ২০ লাখ রুপি এবং বাকি দুটির ভাড়া ৯ লাখ রুপি করে। এতে মাসে মোট ৩৮ লাখ রুপি ভাড়া গুনতে হবে তাকে। প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে তিনটি করে মোট ৯টি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে।
চুক্তির মেয়াদ ৪৮ মাস, যা ২০২৭ সালের ১ জানুয়ারি শুরু হয়ে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। শর্ত অনুযায়ী প্রতি বছর ভাড়া ৫ শতাংশ হারে বাড়বে। এক মাসের ভাড়ার সমপরিমাণ অর্থাৎ ৩৮ লাখ রুপি জামানত হিসেবে জমা দেওয়া হয়েছে। শুরুর মাসিক ভাড়ার হিসাবে বাৎসরিক ভাড়ার পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৫৬ লাখ রুপি।
সোসাইটির রক্ষণাবেক্ষণ খরচ, পানির বিল এবং বর্তমান ও ভবিষ্যতের সম্পত্তি ও পৌর কর মাসিক ভাড়ার অন্তর্ভুক্ত থাকবে, যা ফ্ল্যাটের মালিক বহন করবেন। এ ছাড়া চুক্তির শর্ত অনুযায়ী ভাড়াটিয়া ফ্ল্যাটের কাঠামোগত কোনো পরিবর্তন বা স্থায়ী সংযোজন করতে পারবেন না। এ বিষয়ে অভিনেতা আমির খান ও ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে ২০২৫ সালে মুম্বাইয়ের পালি হিল এলাকায় মাসে ২৪ লাখ ৫০ হাজার রুপি ভাড়ায় চারটি ফ্ল্যাট নিয়েছিলেন আমির খান। পাঁচ বছর মেয়াদি ওই চুক্তিটি ২০২৫ সালের মে মাসে নিবন্ধিত হয়, যার মেয়াদ চলবে ২০৩০ সালের মে পর্যন্ত। এতে ৪৫ মাসের লক-ইন পিরিয়ড এবং প্রতি বছর ৫ শতাংশ হারে ভাড়া বৃদ্ধির শর্ত রয়েছে। ওই চুক্তিতে জামানত হিসেবে ১ কোটি ৪৬ লাখ রুপির বেশি দেওয়া হয়েছিল।
একটি আবাসন সোসাইটির পুনর্নির্মাণ কাজের কারণে ২০২৫ সালে পালি হিলের ভাড়া বাসায় উঠেছিলেন আমির খান। হিন্দুস্তান টাইমস রিয়েল এস্টেটের আগের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, পালি হিলের ওই ভাড়া বাড়িটি শাহরুখ খানের অস্থায়ী বাসভবন থেকে প্রায় ৭৫০ মিটার দূরে অবস্থিত। নিজের ঐতিহ্যবাহী বাংলো ‘মান্নাত’-এর সংস্কার কাজ চলায় সেখানে থাকছেন শাহরুখ।