ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো, বাড়ল ভাতাও
বেসামরিক সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন ও ভাতা নির্ধারণ করেছে সরকার। নতুন কাঠামোতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর তিন বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আর সৈনিকদের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা।
‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য পৃথক বেতন ও ভাতা নির্দেশাবলি গত ১৫ নভেম্বর জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৮৪ পৃষ্ঠার এই নির্দেশনায় বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নতুন বেতন ও ভাতার হার উল্লেখ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, সামরিক বাহিনীর সদস্যদের নতুন মূল বেতন ধাপে ধাপে কার্যকর হবে। বেতন কার্যকর ধরা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে।
বেতন কার্যকরের তিন ধাপ
প্রথম ছয় মাসে বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত সদস্যরা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং সার্জেন্ট থেকে নিচের পদ ও ক্যাডেটরা ৫০ শতাংশ পাবেন।
পরবর্তী ছয় মাসে বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত আরও ৩০ শতাংশ এবং সার্জেন্ট থেকে নিচের পদ ও ক্যাডেটরা আরও ২৫ শতাংশ পাবেন।
২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই নতুন কাঠামোর পূর্ণ মূল বেতন পাবেন। তবে নতুন হারে ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত ভাতার হার বহাল থাকবে।
পদমর্যাদা অনুযায়ী নতুন মূল বেতন
নতুন নির্দেশনায় বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের জন্য পৃথক বেতনসীমা নির্ধারণ করা হয়েছে। নৌ ও বিমানবাহিনীর সমমর্যাদার সদস্যদের ক্ষেত্রেও একই কাঠামো প্রযোজ্য হবে।
নতুন বেতন অনুযায়ী, বাহিনীপ্রধানদের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শাল পদে ১ লাখ ৬৪ হাজার টাকা এবং মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল পদে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল পদে ১৭তম বছরে মূল বেতন ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা, কর্নেল ১ লাখ ২৫ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ লাখ ২২ হাজার টাকা এবং মেজর ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা পাবেন।
এ ছাড়া প্রথম বছরে ক্যাপ্টেন ৫৮ হাজার টাকা, লেফটেন্যান্ট ৪৮ হাজার ৩০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট ৪৬ হাজার ২০০ টাকা মূল বেতন পাবেন। সৈনিকদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।
সেনাবাহিনীর মেডিকেল, ডেন্টাল, প্রকৌশল, সিগন্যালস ও ইএমই কোরের কর্মকর্তাদের জন্যও পৃথক নির্দেশনা রাখা হয়েছে।
বাড়ছে বিভিন্ন ভাতা
মূল বেতনের পাশাপাশি কমান্ড, স্টাফ, চার্জ ও শিক্ষকতা ভাতার হারও বাড়ানো হয়েছে। বাহিনীপ্রধানের জন্য এ ভাতা মাসে ৩ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তারা ২ হাজার ৮৬০ টাকা, মেজর জেনারেল ২ হাজার ৪২১ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল ২ হাজার ২০০ টাকা, কর্নেল ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ হাজার ৭৬৪ টাকা, মেজর ১ হাজার ৩৩০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদগুলো ৮৮০ টাকা পাবেন।
যোগ্যতা ভাতাও বাড়িয়ে মাসে ৫৫৪ থেকে ৮৮০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
উড্ডয়ন, বিশেষজ্ঞ ও ঝুঁকি ভাতা
উড্ডয়ন ভাতার ক্ষেত্রে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ও ঊর্ধ্বতন পদের পাইলট-ক্রু, নৌবাহিনীর কমান্ডার ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানবাহিনীর এয়ার কমোডর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা মাসে ১২ হাজার টাকা পাবেন। এর নিচের নির্দিষ্ট পদগুলোর জন্য ১০ হাজার টাকা এবং বিমানবাহিনীর গ্রাউন্ড প্রশিক্ষকদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
চিকিৎসক কর্মকর্তাদের বিশেষজ্ঞ ভাতাও পদমর্যাদা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। মেজর জেনারেল ও ঊর্ধ্বতন পর্যায়ে ২ হাজার ৮৩০ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল ২ হাজার ২০০ টাকা, কর্নেল ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ হাজার ৭৬৪ টাকা এবং মেজর ১ হাজার ৩৩০ টাকা পাবেন।
এ ছাড়া সাবমেরিন ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে। প্যারাসুট ও স্কুবা ডাইভিং ভাতা ৬৬৪ থেকে বাড়িয়ে ৭১৫ টাকা এবং স্নাইপার ভাতা ৬৫০ থেকে বাড়িয়ে ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে। পাশাপাশি কিট ভাতা ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ১ হাজার ২০০ টাকা, ডিস্টার্ব্যান্স ভাতা ২ হাজার ২০০ টাকা এবং দৈনিক ঝুঁকি ভাতা ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন চার ভাতা যুক্ত
নতুন বেতন কাঠামোতে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চারটি নতুন ভাতা যুক্ত করা হয়েছে।
মেজর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদমর্যাদার সদস্যরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন।
প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে, যা সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য।
হাওর, দ্বীপ ও চর এলাকায় কর্মরত সদস্যরা মূল বেতনের ২০ শতাংশ ভাতা পাবেন। তবে এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা।
এ ছাড়া রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সদস্যদের তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা হিসেবে মাসে ২ হাজার টাকা দেওয়া হবে।