ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]
সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন

বেড়ায় থানা ঘেরাও করে আ’লীগের বিক্ষোভ মিছিল

বেড়া( পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩১, ২০ নভেম্বর ২০২৬
বেড়ায় থানা ঘেরাও করে  আ’লীগের  বিক্ষোভ মিছিল
ছবি- ডেইলি বাংলাদেশ

 

পাবনার বেড়ায় বৃহস্পতিবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও থানা ঘেরাও করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণ পরই কিছু লোকজন সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে ভাঙচুর চালায় এবং   অগ্নিসংযোগ করে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে বেড়া পৌর এলাকার বৃশালিখা ও মডেল থানা সংলগ্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি বেড়া মডেল থানার সামনে গিয়ে অবস্থান নেয় এবং নেতাকর্মীরা 'জয় বাংলা'সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় থানায় ভাঙচুর চালানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও 'পাবনা জেলা ছাত্রলীগ' নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়।

খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মিছিলকারীদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে রাত ৮টার দিকে বেড়া পৌর বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচির প্রতিবাদে মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে পুনরায় দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

মিছিলটি ছত্রভঙ্গ হওয়ার কিছুক্ষণ পরই সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং বাড়ির ভেতরে ও পাশে থাকা দু-একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে কারা এই অগ্নিসংযোগ ও ভাঙচুরের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন বলেন, ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে।

 

অন্যদিকে, থানা ঘেরাওয়ের বিষয়টি নাকচ করে বেড়া থানার ওসি (তদন্ত) রাশিদুল ইসলাম জানান, বিক্ষোভ মিছিলটি থানা সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় ফটকের সামনে কিছু সময় স্লোগান দিয়েছিল; তবে একে থানা ঘেরাও বলা ঠিক হবে না।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, আমরা বাইরে ছিলাম। থানা ঘেরাওয়ের এমন কোনো ঘটনা জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ জানা যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!