স্থগিত হলো পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা
অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা। সোমবার (১৬ নভেম্বর) সকালেই বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিশে এ তথ্য জানান।
নোটিশে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। শিগগিরই নতুন তারিখ জানানো হবে।
এদিনের সভায় মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল।
এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সে অনুযায়ী সোমবারের সভায় প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। একই সঙ্গে পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা হয়। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর শ্রমিকদের কাজে ফেরার প্রবণতা শুরু হয়।
চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয় ২০২৩ সালের নভেম্বরে। ওই বছরের ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হয়। সে হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বরে শেষ হওয়ার কথা।
২০২৩ সালে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।