ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১, ১৬ নভেম্বর ২০২৬
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ বৈঠক
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (১৬ নভেম্বর) তৃতীয় বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিতে পারে বলে জানা গেছে।

এর আগে গত ৯ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। অন্যদিকে, প্রস্তাব জমা দিতে চার দিন সময় নেয় মালিকপক্ষ। সে অনুযায়ী গত বৃহস্পতিবার তাদের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও তা জমা দেওয়া হয়নি। আজকের বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একাধিক সদস্যের সূত্র জানিয়েছে, মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদের মতে, শ্রমিকপক্ষ দরকষাকষির সুযোগ রাখতে ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছে। একইভাবে মালিকপক্ষও আলোচনার সুযোগ রেখে তুলনামূলক কম মজুরির প্রস্তাব দিতে পারে।

মালিকপক্ষের একটি সূত্র জানায়, আগের মজুরি বোর্ডগুলোর রীতি অনুসরণ করে শ্রমিকদের দেওয়ার সক্ষমতার তুলনায় কিছুটা কম মজুরির প্রস্তাব দেওয়া হতে পারে। এতে পরবর্তী বৈঠকগুলোতে দরকষাকষির মাধ্যমে মজুরি বাড়ানোর সুযোগ থাকবে। পাশাপাশি সরকার কোনো উদ্যোগ নিলে সেটিও বিবেচনায় নেওয়া সম্ভব হবে।

এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন কিছুটা কমে এলেও কারখানা বন্ধের ঘটনা অব্যাহত রয়েছে। গত রোববার শ্রম আইনের ১৩(১) ধারা অনুসরণ করে আরও ৬৫টি কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। কয়েকটি কারখানায় উৎপাদন শুরু হলেও পরে সেগুলো বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!