বিটিএমএ-এর পরিচালক হিসেবে নির্বাচিত হলেন জহিরুল ইসলাম রিংকু
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম রিংকু। একই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শামীম ইসলাম, ‘এ’ ক্যাটাগরির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সুরাইয়া স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব।
১০ নভেম্বর, মঙ্গলবার বিটিএমএর পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মো. শামীম ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়। একই দিন থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে।
বিটিএমএর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের এক চিঠির পরিপ্রেক্ষিতে শওকত আজিজ রাসেলকে বিটিএমএর সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর সংগঠনের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৬৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরিচালনা পর্ষদের জরুরি সভায় নতুন সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি মো. শামীম ইসলাম যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেড ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দেশের বস্ত্রশিল্প খাতের একজন উদ্যোক্তা।
উল্লেখ্য, মো. জহিরুল ইসলাম রিংকু একাধারে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং পিএইচপি ফ্যামেলির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের অন্যতম বীমা কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তিনি।