ধানমন্ডি ৩২ নম্বর থেকে উদ্ধার করা চিরকুটে যা লেখা আছে
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এসময় কাছাকাছি পাওয়া গেছে একটা চিরকুট। চিরকুটে লেখা ছিল, ‘বাংলাদেশ মুক্তির ডাক-৭১, জয় বাংলা’। পরে ককটেল দুটি নিষ্ক্রিয় করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব এ তথ্য নিশ্চিত করে জানান, ধানমন্ডি ৩২ নম্বরে দুজন ব্যক্তি আসেন। পরে তারা ককটেল দুটি রেখে সরে যান। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা ককটেলের বিস্ফোরণ ঘটাতে পারেননি। একইভাবে সিটি কলেজের পাশে কে বা কারা দুটি ককটেল রেখে চলে যান।
চিরকুটের বিষয়ে ওসি বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে উদ্ধার হওয়া ককটেলের কাছাকাছি স্থানে একটা চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল, ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’।
চিঠির সঙ্গে ককটেলের কোনো সম্পর্ক আছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে বলেও উল্লেখ করেন ইমদাদুল ইসলাম।
ধানমন্ডি থানা–পুলিশ সূত্রে জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনে দুটি ককটেল দেখতে পেয়ে কয়েকজন ব্যক্তি পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে স্থানটি ঘিরে রাখে পুলিশ। এরপর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে ককটেল দুটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে।