কুয়াকাটায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব
পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় রাতভর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পোস্টার সাঁটানো ও একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে কুয়াকাটা থেকে ছেড়ে আসা কয়েকটি পরিবহন ধীরগতিতে চলাচল করে। মহাসড়কের টিয়াখালী এলাকার বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে পোস্টার সাঁটানো ও স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা। একই সময়ে শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার নিয়ে মশাল মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা।
এদিকে কুয়াকাটা বাস টার্মিনালে মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাসটির একাংশে আগুন ধরলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোল বোমাসদৃশ দুটি বোতল উদ্ধার করে।
একই রাতে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পেট্রোল ঢেলে বিক্ষোভ করা হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনির জানান, গভীর রাতে বাস টার্মিনালের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি সূত্রের দাবি, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে টিয়াখালী এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু ও সাবেক ছাত্রলীগ নেতা খালিদের নেতৃত্বে এবং কুয়াকাটা-আলীপুর এলাকায় নজরুল ফকিরের নেতৃত্বে এসব কর্মকাণ্ড চালানো হয়। এ ছাড়া যুবলীগের ব্যানারে বিভিন্ন দেয়াল ও বাসাবাড়ির সামনে রঙিন ছবি সংবলিত পোস্টার সাঁটানো এবং দেয়াললিখন কর্মসূচি পালন করা হচ্ছে বলে সূত্রটি জানায়।
মহিপুর থানার তদন্ত কর্মকর্তা মো. রাসেল বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যান তারা। তবে বিস্ফোরকটি ফাঁকা স্থানে পড়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য নাশকতা এড়াতে সোমবার সন্ধ্যায় কলাপাড়ায় মোটরসাইকেল শোডাউন করে থানা পুলিশ।
এ বিষয়ে জানতে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।