ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ১০ নভেম্বর ২০২৬
নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
চট্টগ্রামের কর্ণফুলীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

চট্টগ্রামের কর্ণফুলীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁদের হাতে ব্যানার দেখা যায়। 

শেখ হাসিনার দেশে ফেরার দাবিসহ দলীয় স্লোগান দিয়ে সড়কে অবস্থান নেন তাঁরা। ১০ নভেম্বর, মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় পিএবি সড়কে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভের একটি ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে। স্থানীয়দের দাবি, ভিডিওটি কর্ণফুলীর কৈয়গ্রাম এলাকার। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ, আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আসিফসহ ১৫ থেকে ২০ জনকে দেখা যায়। তাঁদের বাড়ি কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী হাতে ব্যানার নিয়ে সড়কে অবস্থান করছেন। তাঁদের কয়েকজন মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। পাশাপাশি ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দিতে শোনা যায়।

এদিকে, শুধু কর্ণফুলী নয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পাওয়া যাচ্ছে। 

এসব কর্মসূচি ঘিরে বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পরিস্থিতি মোকাবিলার ঘটনাও সামনে এসেছে। ফলে আকস্মিক এসব কর্মসূচি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, মিছিলের বিষয়ে পুলিশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে সকাল ৬টার দিকে মহাসড়ক থেকে দুটি পোড়া টায়ার উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম
ট্যাগ: Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!